সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আজ রোববার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ই-গেট চালু হওয়ায় মাত্র ১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা। তবে এজন্য তাদের কাছে ই-পাসপোর্ট থাকতে হবে।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক জানিয়েছেন, এই বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপন করা হয়েছে। তন্মধ্যে তিনটি প্রবেশের জন্য, তিনটি বের হওয়ার জন্য। ই-পাসপোর্টধারীরা এসব গেট ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।
ই-গেট কার্যক্রম তদারকি করবে ইমিগ্রেশন পুলিশ। ই-পাসপোর্ট ই-গেটের নির্দিষ্ট স্থানে রাখলেই ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেট খুলে যাবে। এতে ১৮ সেকেন্ডের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, বাংলাদেশে সর্বপ্রথম ই-গেট কার্যক্রম শুরু হয় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ২০২১ সালের ৩০ জুন সেখানে শুরু হয় ২৬টি গেটের কার্যক্রম। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বসে ৬টি ই-গেট। সর্বশেষ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ই-গেট কার্যক্রম চালু হলো।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




