বিএনপির সিলেট বিভাগীয় গণঅবস্থান চলছে নগরীর রেজিস্ট্রারি মাঠে। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগদান করেছেন।

জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সারা দেশে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। দলটির এই কর্মসূচির সঙ্গে আছে সমমনা রাজনৈতিক দলগুলোও।


একই দাবিতে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। সকাল ১১টায় শুরু হওয়া এই গণঅবস্থান কর্মসূচি শেষ হবে বিকাল ৩টায়।

আজ সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন রেজিস্ট্রারি মাঠে। সেখানে তৈরি করা প্যান্ডেলের নিচ ভরে গেছে নেতা-কর্মীদের অবস্থানে। প্যান্ডেলের বাইরেও অনেকেই অবস্থান নিয়েছেন।

গণঅবস্থান কর্মসূচিতে ‘নেতৃত্ব দিচ্ছেন’ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সঙ্গে আছেন সিলেট বিভাগের ‘দলনেতা’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।  এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনসহ সিলেট বিভাগের চার জেলার দায়িত্বশীল নেতারাও আছেন সেখানে।

এদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণঅবস্থান কর্মসূচির বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে