ছবি: আহমেদ রুবেল

মাহানগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার। আর এই ব্যস্ততম এলাকায় দীর্ঘদিন ধরে সিসিকের পানির লাইনে লিকেজ থাকায় অনবরত অপচয় হচ্ছে পানির। লাইনে লিকেজ থাকায় নগরবাসী যেমন একদিকে সার্বক্ষণিক পানি পাচ্ছে না তেমনি পানির সঙ্গে যুক্ত হচ্ছে নানা জীবাণুও। লিকেজ মেরামতে উদাসীন সিটি কর্তৃপক্ষ।

 


সরজমিনে গিয়ে দেখা যায়, জিন্দাবাজর পেট্রল পাম্পের ঠিক সামনে পানির লাইন থেকে অনবরত পানি বের হচ্ছে। সেই পানি রাস্তার কিছু অংশে জলাবদ্ধতা সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলে আসলেও সিসিকের পক্ষথেকে এখন পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

 

স্থানীয়রা বলেন, প্রায় মাসখানেক ধরে এই অবস্থা চলে আসছে। সিসিক প্রতিদিন দুই বেলা লাইন পানি সরবরাহ করে থাকে আর প্রতিবারই প্রচুর পানি অপচয় হচ্ছে। প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ ঘন্টা এভাবে পানি অপচয় হচ্ছে। মানুষ এমনিতেই বিশুদ্ধ পানি পাচ্ছে না আর এখানে প্রতিনিয়তই পানি নষ্ট হচ্ছে। এছাড়া এই পানি রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি করছে যা ফলে চলাফেরার সমস্যা হচ্ছে।

জামিল নামের এক পথচারী বলেন, মাসখানেক ধরে দেখছি এই জায়গা দিয়ে পানি বের হয়। প্রতিদিন অনেক পানি নষ্ট হলেও সিসেকের কোন উদ্যোগ দেখছি না। এই উদাসীনতার কারণ কি? পানি না জনগণের টাকা অপচয় হচ্ছে। এই লিকেজের কারনে পানির সঙ্গে নানা ধরেনের জীবাণুও যুক্ত হচ্ছে। লিকেজ মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

 

সিলেট সিটি কর্পোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, মহানগরীতে পানির নতুন লাইন বসানোর জন্য ১৮ কোটি টাকার প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। তবে পুরাতন লাইনে লিকেজ থাকলে আমরা সেটা মেরমত করে দিচ্ছি। জিন্দাবাজর যে জায়গায় এই লিকেজটি হয়েছে সিটি সম্ভবত হাউজ লাইন নেয়ার সময় কোন ত্রুটি হয়েছে। শীঘ্রই এটি মেরামত করা হবে বলে জানান তিনি।
 

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৫