সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রকৌশল গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।   


এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সিংগাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. আজিজুল হক। 

অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা কামরুন নাহার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সিয়ামুল বাশার। 

সম্মেলনের আয়োজকরা জানান, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের এটি সপ্তম আন্তর্জাতিক সম্মেলন। ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সম্মেলনে দেশ-বিদেশের প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ভাবন ও শিক্ষার উন্নয়নের ওপর তাদের গবেষণাপত্র নিয়ে উপস্থিত থাকবেন।নিবন্ধনকারীদের মধ্য থেকে ১৯০টির বেশি গবেষণাপত্র আমরা বাছাই করেছি। তিনদিনে ৪টি প্লেনারিসহ ৩৪টি টেকনিক্যাল সেশনে এসব গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

এতে বাংলাদেশসহ ১৪টি দেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাঁচশো জনের অধিক গবেষক অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।নিবন্ধন ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্মেলনে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া পূর্বের সম্মেলনগুলো থেকে এবার আরো নতুন অনেক কিছু সংযোজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। 

সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আজিজুল হক জানান, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সফল বাস্তবায়ন, জ্বালানি ও খাদ্য সংকটের সমাধান, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে ব্যবস্থা এবং সহস্রাব্দের লক্ষ্য অর্জনের জন্য টেকসই উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলোতে বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির সর্বশেষ উন্নয়ন নিয়ে এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সমাবেশে বিভিন্ন গবেষকরা আলোচনা করবেন।’

‘এতে আমাদের তরুণ স্নাতক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানীদের গবেষণা ও উচ্চশিক্ষায় আরও বেশি নিয়োজিত হতে উৎসাহিত করবে, যা জাতীয় উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয়। বাংলাদেশে শিল্প আর একাডেমিক সংযোগের বাস্তব পরিস্থিতি বোঝার জন্য আমরা এই বছর শিল্প বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং গবেষকদের একটি সাধারণ প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছি। '

আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি সেশনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত থাকার কথা রয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-০১