সিলেট অঞ্চলে সম্প্রতি প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় ঘটছে এক বা একাধিক প্রাণহানি। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু সাইদ (১০) কুলাউড়ার হাসনপুর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত শিশু সাইদের মা আসমা বেগম (৪২), হাজী নজিব আলী (৬২), শামসুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মো. মামুন (১০), সবুজ (২৪) ও আবজল খাঁন (৪০)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে যাচ্ছিলো মাইক্রোবাস।   এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইদকে মৃত ঘোষণা করেন।

এ সময় ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মুন্নি সিলেটভিউ-কে জানান, সড়ক দুর্ঘটনায় ১ শিশু মারা গেছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক সিলেটভিউ-কে জানান, ঘটনাস্থল থেকে মাইক্রো গাড়িটি পালিয়ে গেছে। মাইক্রোসহ ওই ঘাতক চালককে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / অনি / ডি.আর