সিলেট বিভাগের হাওর ও ভাটি অঞ্চলগুলোতে কনকনে শীতকে উপেক্ষা করেই বোরো ধান আবাদে ব্যস্ত রয়েছেন কৃষকরা। সাতসকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতে জবুথবু হয়ে মাঠে বোরো ধানের চারা রোপণের কাজ করছেন তারা। চারা রোপণের পাশাপাশি চলছে জমি তৈরির কাজও।

তবে জ্বালানি তেলের দাম বাড়ায় বোরো ধান চাষে খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এছাড়া পর্যাপ্ত সেচের ব্যবস্থা না থাকায় চাষে দেরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।


শুক্রবার বিভিন্ন এলাকায় দেখা যায়, শীতের সকালে কুয়াশায় মধ্যে বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। অনেকে চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। আবার অনেকেই চারা গাছে পরিচর্যা করছেন। তবে সেচ সংকট, স্যার ও তেলের দাম বাড়ায় অস্বস্তিতে ভুগছেন অনেক কৃষক।

রহিম মিয়া নামের এক কৃষক বলেন, দুই বছর ধরে ২ একর জমিতে বোরো ধান আবাদ করেছি। জমি প্রস্তুতি শেষে চারা রোপণ করছি। পর্যাপ্ত সেচের সুবিধা থাকলে আরও ২/৩ একর জমিতে বোরো চাষ করতাম।

কৃষক সাজিদ মিয়া বলেন, তিন একর জমিতে এ বছর বোরো ধান চাষ করবো। তেলের দাম বাড়ায় সেচ ও হাল চাষে খরচ অনেক বেড়েছে। আমন মৌসুমের মতো বোরো মৌসুমে ধানের দাম থাকলে কৃষকেরা লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বোরো ধান আবাদ করার জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের সহযোগিতা করা হয়েছে। সিলেট অঞ্চলে আগের তুলনায় বোরো চাষ অনেক বেড়েছে। আউশ, আমনের পাশাপাশি বোরো চাষে কৃষকেরা আগ্রহী হচ্ছেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম