সিলেটের ওসমানীনগরের জবেদ আলী হত্যা মামলায় ৮ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমীন সোমবার (১৬ জানুয়ারি) চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় প্রদান করেছেন। 


রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী, সিলেট জজ কোর্টের সিনিয়র এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। 

২০১৪ সালের ১০ এপ্রিল শ্বশুর বাড়ির বসত ঘরে পাওয়া যায় বালাগঞ্জ উপজেলার উসমানপুর ইউনিয়নের ব্রাহ্মণশাষন গ্রামের বাসিন্দা মৃত তাহির উল্লাহর পুত্র জবেদ আলী (৪৫) এর মৃত দেহ। নিহত জবেদ আলী ওসমানীনগর থানাধীন মাধবপুর গ্রামের বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। মৃতদেহ উদ্ধারের পর ৬ জনকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই শারজান আলী। পুলিশ এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করে। পরবর্তীতে এই মামলায় আরো ৩ আসামীকে গ্রেফতার করে পুলিশ। এই ৩ জনের মধ্যে কামরান মতিন রাফে নামের এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

চাঞ্চল্যকর এই মামলায় ওসমানীনগর থানার পুলিশ ২০১৪ সালের ৪ আগস্ট ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত স্থানান্তরিত হয়। 

দীর্ঘ প্রায় ৯ বছর মামলা চলাকালে চার্জশিটে উল্লেখিত মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। বিচার চলাকালেই কামরান মতিন রাফে নামের এক আসামী মৃত্যুবরণ করে। গত ৩০ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ার পর আদালত রায়ের তারিখ ধায্য করেন। 

সোমবার প্রদত্ত রায়ে এই মামলায় অভিযুক্ত আসামী, যথাক্রমে- নজমুল আহমদ, ফুজায়েল আহমদ, ছানাওর আলী, আতিক মিয়া, বদরুল মিয়া, সাজন মিয়া, সুমন মিয়া ও ছাইদুর রহমানকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর, সিনিয়র এডভোকেট আব্দুস সাত্তার। বাদী পক্ষে তাকে সহযোগিতা করেন সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ আহমদ। 

ফুজায়েল ছাড়া অন্য ৭ আসামির পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। তাকে সহযোগিতা করেন সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট গোলাম রসুল সুমেল ও অ্যাডভোকেট ওয়াজি উদ্দিন তারিক।

এছাড়া, আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনে সহযোগিতা করেন সিলেট ল’কলেজের অধ্যক্ষ সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ ও সিলেট জেলা বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল। 


সিলেটভিউ২৪ডটকম / টি.ইউ / ডালিম