নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যাতে পাওয়া গেছে ভয়ংকর সেই দুর্ঘটনার শেষ মুহূর্তের ভিডিও।

রোববার নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৭২ আরোহী নিয়ে বিমানটি পর্যটন নগরী পোখারায় অবতরণ করছিল। ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ক্রুসহ মোট ৭২ আরোহী ছিলেন।



ভিডিওতে দেখা যায়, এক যাত্রী তার ফোনে বিমানের বাইরের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় বিমানের ভেতরের কিছু দৃশ্যও তার ক্যামেরায় ধারণ করা হয়। ঠিক অবতরণের আগ মুহূর্তে এ ভিডিও ধারণ করেন ওই যাত্রী।

এরপরই হঠাৎ বিস্ফোরণে তার মোবাইল কেঁপে ওঠে। এ সময় ভয়াবহ আগুন ও যাত্রীদের চিৎকার শুনতে পাওয়া যায় ধারণকৃত ভিডিওতে।

বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, বিমানটিতে থাকা ভারতীয় নাগরিক উত্তর প্রদেশের বাসিন্দা সনু জইশওয়াল তার ফেসবুক লাইভে ছিলেন। এ সময় তিনি এ ভিডিও ধারণ করেন। দুর্ঘটনায় তিনি নিহত হন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, নেপালের সাবেক এমপি ও নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় নেতা অভিষেক প্রতাপ শাহ ভিডিওটি এনডিটিভিকে পাঠিয়েছেন। তিনি জানান, উড়োজাহাজের ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা একটি মোবাইলে এই ভিডিও পাওয়া গেছে।

প্রতাপ শাহ বলেন, ‘আমার বন্ধু এটা পেয়েছে এক পুলিশ সদস্যের কাছে। ভিডিওটা সঠিক। আজকের ভিডিও, ফ্লাইটটা তখন অবতরণের প্রস্তুতি নিচ্ছিল।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭


সূত্র : কালবেলা