দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত জানিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, জাতীয় পার্টি তাতে সহায়তা করবে।’

 


বুধবার (১৮ জানুয়ারি) জাপা চেয়ারম্যানের কার্যালয়ে একাধিক নেতা দলটিতে যোগ দেন। এ যোগদান অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

 

বিদেশে টাকা পাচারের একাধিক ঘটনা সামনে আসলেও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নীরব বলে মন্তব্য করেন তিনি। জাপা মহাসচিব বলেন, দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমের খবরে জানা গেছে, ওয়াসার এমডির বিদেশে ১৪টি বাড়ি আছে। আবার ক্ষমতাসীন দলের এক এমপির নিউইয়র্কে একাধিক বাড়ি রয়েছে। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তদন্ত করা উচিত।

 

তিনি বলেন, ‘কিন্তু অর্থমন্ত্রী মুখ বন্ধ করে আছেন। তিনি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। বিদেশি ফল আমদানির নামে হাজার হাজার কোটি টাকা কারা পাচার করছে, তা দেখার যেন কেউ নেই।’

 

এদিন জাতীয় পার্টির (জেপি) সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেপি নেতা নাসির উদ্দিন ইমরান (ঝালকাঠি-নলছিটি) ও মো. মেহেদী হাসান শাহাদাত মুজিবুল হক চুন্নুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

 

চুন্নু আরও বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের কষ্টের কথা চিন্তা না করেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিএনপি আরও বেশি খারাপ, সারের দাবিতে আন্দোলনরত মানুষের ওপর গুলি চালিয়েছিল তারা। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিরা প্রতিদিনই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২


সূত্র : জাগোনিউজ