এবারের শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শুক্রবার (২০ জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে আরও কিছুদিন তাপমাত্রা কম থাকবে। এরপর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেটভিউ’কে জানান, এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বিভাগের অন্যান্য জেলায়ও তাপমাত্রা কম রয়েছে। সিলেটর কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বিভাগে আগামী দুই দিন তাপমাত্রা কম থাকবে। এর পর থেকে তাপমাত্রা বাড়বে।
এ সময় ঘন কুয়াশা থাকবে বলে জানান তিনি।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটে শুক্রবার (২০ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-৩৮




