আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘বিভিন্নভাবে সিলেট পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের সঙ্গে তাল মেলাতে পারছে না। সড়ক যোগাযোগ, বিমান চলাচলে সমস্যা। বিমানের টিকিটের মূল্য ৭ হাজার টাকার ওপর হয়ে যায়। এটি এক ধরনের বৈষম্য।’

গতকাল শুক্রবার রাজধানী ঢাকার স্কাই সিটি হোটেলে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-সিবিসাসের বার্ষিক সাধারণ সভা ও প্রথম সম্মিলন ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


সিবিসাসের সভাপতি আজিজুল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, কবি ও সাংবাদিক শামীম আজাদ, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ডেইলি অবজারভারের কনসালট্যান্ট এডিটর ফারুক আহমেদ, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল), সুনামগঞ্জের সমাজসেবক সেলিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হন সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সম্মিলন শেষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং আগামী এক বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০২৩-২৪ মেয়াদের জন্য কণ্ঠভোটে স্বপ্ন বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী তোফায়েল আহমদ সিবিসাসের নতুন সভাপতি ও চ্যানেল এস-এর বার্তাপ্রধান শংকর মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  

সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা মনির উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহিউদ্দীন পলাশ। তা ছাড়া সিলেটের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস/আরআই-কে