বিয়ের অনুষ্ঠান হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বিয়ে উপলক্ষে পাঁচ তারকা হোটেল আটলান্টিস দ্যা পামেতে গত ৮ জানুয়ারি আয়োজন করা হয়েছিল তিনদিনের রাজকীয় অনুষ্ঠানের। অংশ নিয়েছিলেন ৭০ দেশের প্রায় ৯ হাজার অতিথি।
তবে শনিবার (২১ জানুয়ারি) বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সিলেটের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে। এখানেও সম্মিলন ঘটেছিলো একাধিক মন্ত্রী-এমপিসহ দেশের বিশিষ্টজনদের।
বিশ্ববিখ্যাত সুগন্ধি উৎপাদনকারী প্রতিষ্ঠান আলহারামাইন পারফিউমের স্বত্তাধিকারী, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিলেটের মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিরা রহমান ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মো. মোস্তফা কামালের ছেলে তানভীর আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা ঘিরে ছিল এই আয়োজন।
বৌভাত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ দেশের খ্যাতনামা শিল্পপতি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
দুই শিল্পপতির ছেলে-মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় দেশের বিশিষ্টজন ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানস্থলে অতিথিদের শুভেচ্ছা জানান কনের বাবা শিল্পপতি মাহতাবুর রহমান নাসির। তাঁর আতিথেয়তায় মুগ্ধ ছিলেন অতিথিরাও।
প্রসঙ্গত, রাজকীয় এই বিয়েতে কনের বাবা মাহতাবুর রহমান নাসিরের আমন্ত্রণে বাংলাদেসহ প্রায় ৭০টি দেশ থেকে অতিথিরা দুবাই যান। তিনদিনের ঝমকালো অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৯ হাজার অতিথি। ১২ জানুয়ারি ঢাকার রেডিসন হোটেলে ছেলের পরিবারের পক্ষ থেকে বৌভাত অনুষ্ঠিত হয়। আর শনিবার সিলেটে কনের বাবার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা।
সিলেটভিউ২৪ডটকম / শাদিআচৌ / ডি.আর




