টেস্টে ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ছিলেন বাংলাদেশের অধিনায়কও। তুখোড় প্রতিভাবান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ক্যারিয়ার থমকে যায় বিপিএলে ম্যাচ ফিক্সিং কান্ডে (২০১২ সালে)। এরপর নেমে আসে শাস্তির খড়গ।
রোববার (২২ জানুয়ারি) রাজধানীর এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এখন আর আশা (জাতীয় দলে ফেরা) করি না। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি। কিন্তু যারা তরুণ তারা যে বসে আছে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। আমি এখন শুধু খেলতে চাই। আর হয়ত একটা দুইটা সিজন খেলব তারপর তো... যথেষ্ট.. ইনশাআল্লাহ।’
খেলা ছাড়ার পর ক্রিকেট বোর্ডে আসার কোন চিন্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি। তবে ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার একটা অভিজ্ঞতা আছে। আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।’
চলমান বিপিএলে নিয়েও কথা বলেন অ্যাশ। কেমন হচ্ছে বিপিএল, জানতে চাইলে তিনি বলেন, ‘খেলা তো আসলে ভালো হচ্ছে। আমরা মিরপুরে সব সময় দেখতাম না বড় স্কোরের ম্যাচ, সেটা প্রথম থেকেই দেখছি। তার মানে আমরা চাইলে ভালো উইকেট বানাতে পারি, এটা একটা ইতিবাচক দিক। শুরুর দিকে ভালো হয়েছিল, কিন্তু চট্টগ্রামে শেষের দিকে ভালো হয়নি। যে ধরনের উইকেটে আমরা খেলছিলাম, আমি আশা করছিলাম আমাদের খেলোয়াড়রা আরও ভয়ডরহীন খেলবেন, বড় বড় ইনিংস ও হাই স্ট্রাইকরেট হবে, সে জিনিসটা একটু মিসিং। তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৪
সূত্র : কালবেলা




