সিলেট সিটি করপোরেশনের মেয়র মনোনয়ন নিয়ে যখন সরগরম সিলেট ঠিক তখনই যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

 


মেয়র পদে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন তিনি এমন গুঞ্জনও চলছে সিলেটজুড়ে।

 

রবিবার (২২ জানুয়ারি) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ওসমানী বিমানবন্দর পৌঁছান। এসময় বিমানবন্দরে তাকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধিত করেন।

 

পরে তিনি নেতাকর্মীদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা শেষে তিনি স্মরণ করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানকে।

 

আনোয়ারুজ্জামান বলেন, “সিলেটের কৃতী সন্তান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। আমি তার সাথে কাজ করেছি। তার জন্য সিটির প্রতিটি এলাকায় নির্বাচনেও কাজ করেছি। প্রতিটি ওয়ার্ডে গণসংযোগে অংশ নিয়েছি। নির্বাচন নিয়ে আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।”

 

তিনি বলেন, “সিটি করপোরেশনের মেয়র মনোনয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটা মাথা পেতে নেব। আমি তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। আমৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটবাসীর জন্য কাজ করে যেতে চাই।”

 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-২৪