সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদের ডাকে আজ সোমবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়।
বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম জানান, শ্রমিক নেতা আলী আকবর রাজন প্রায় দেড় মাস ধরে কারান্তরীণ। তার জামিনও হচ্ছে না। জামিনে তার মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ সিলেট জেলায় এবং আগামীকাল গোটা বিভাগে ধর্মঘট শুরু হবে।
এদিকে, ধর্মঘটের কারণে আজ সকাল থেকে বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসসহ কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সিলেটের সবচেয়ে বড় বাস টার্মিনাল কদমতলি থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।
যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিজেদের গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।
প্রসঙ্গত, আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




