আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। সিরিজে তারা একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আয়ার‌ল্যান্ডের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।


সিরিজ খেলতে আগামী ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ার‌ল্যান্ড ক্রিকেট দল। ১৫ মার্চ একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দুই দল। এরপর ১৮ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মূল সিরিজের লড়াই।


সিরিজের সব কটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ওয়ানডে শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬, ২৮ ও ৩০ মার্চ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ এপ্রিল।

এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো টেস্ট খেলেনি টাইগাররা। আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে ৭ জয়ের বিপরীতে ২ হার ও টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে একটি হার আছে বাংলাদেশের। এর আগে ২০০৮ সালে সবশেষ দ্বিপাক্ষিক বাংলাদেশে সিরিজ খেলতে সফর করেছিল আয়ারল্যান্ড।

একনজরে আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি:


তারিখ                            ম্যাচ                                  ভেন্যু

১৮ মার্চ                        প্রথম ওয়ানডে                     সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২০ মার্চ                       দ্বিতীয় ওয়ানডে                    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৩ মার্চ                       তৃতীয় ওয়ানডে                   সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৬ মার্চ                     প্রথম টি-টোয়েন্টি                   জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২৮ মার্চ                     দ্বিতীয় টি-টোয়েন্টি                জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৩০ মার্চ                     তৃতীয় টি-টোয়েন্টি                 জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

৪-৮ এপ্রিল                 একমাত্র টেস্ট                       শের-ই-বাংলা বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৬


সূত্র : দেশ রুপান্তর