রাজধানীর লালবাগে ছয় তলা ভবনের ছাদে খেলার করার সময়ে দুই ভবনের ফাঁকা দিয়ে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে লালবাগ বড় মসজিদের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তুষার আহমেদ কায়েস (১২) মো. দেলোয়ার হোসেন ও হ্যাপি আক্তার দম্পতির একমাত্র সন্তান ও লালবাগের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ওই ছয় তলা ভবনের চতুর্থ তলায় থাকেন তারা।
নিহত শিশুর নানা মো. লিটন জানান, বিকালে আরও কয়েকজন শিশুর সাথে ছাদে ক্রিকেট খেলছিল তুষার। খেলার সময়ে তাদের বলটি পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। সেই বলটি আনতে পাশাপাশি থাকা এক ভবন থেকে পাশের ভবনে যাওয়ার সময়ে দুই ভবনের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায় তুষার।
এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল পাঁচটা দশ মিনিটে তুষারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৯
সূত্র : একাত্তর টিভি




