পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী ও প্রধান শহর পেশোয়ারে বোমা বিস্ফোরণের পর দেশটির কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
সোমাবার এক টুইটবার্তায় ইসলামাবাদ পুলিশ নিশ্চিত করেছে।
টুইটবার্তায় বলা হয়েছে, ‘(ইসলামাবাদ পুলিশের) উপ মহাপরিদর্শক আকবর নাসের খানের পক্ষ থেকে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সব সড়কে নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। রাজধানী থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ইসলামাবাদ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ইতোমধ্যে স্নাইপার শ্যুটারও মোতায়েন করা হয়েছে।
সোমবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৮ জন, আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইন এলাকার ওই মসজিদে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন যোহরের নামাজ চলছিল সেখানে। সাধারণত ৪০০ থেকে ৫০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ওই মসজিদে যোহরের নামাজের সময় ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলমান আছে। অনেকেই মসজিদের ধ্বংস্তুপের নিচে আটকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯
সূত্র : ঢাকাপোষ্ট




