(প্রতীকি ছবি)
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাহমুদ মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাহমুদ মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মাহমুদ কাজের জন্য কুমিল্লা যাচ্ছিলেন। কিন্তু ভুলবশত তিনি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনে উঠে বসেন। বিষয়টি বুঝতে পারলে বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে পাহাড়িকা ট্রেনটি কিছুটা ধীর গতিতে শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাওয়ার সময় মাহমুদ নামতে গেলে তার একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
পরে মাহমুদের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




