সরকার দেশে কর্মসংস্থান বৃদ্ধির দিকে নজর না দিয়ে, দুর্নীতি করতে ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে পাতাল মেট্রেরেল প্রকল্প গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বলেন, ৫২ হাজার কোটি টাকায় মিল-কারখানা করেন, কৃষক-শ্রমিকদের মাঝে দিয়ে দেন। লাখো মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু সরকার তো সেটা করবে না। কারণ এটা করলে তারা লুটপাট করতে পারবে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব অভিযোগ করেন। নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে দেশের এই মুহুর্তে ৫২ হাজার কোটি টাকার পাতাল রেলে কী উপকার হবে এমন প্রশ্ন রেখে বিএনপির ভাইস-চেয়ারম্যান বলেন, দেশের চারিদিকে সংকট। এছাড়া ডলারের সংকটের মধ্যে ২০ কিলোমিটার পাতাল রেলের জন্য এতো টাকার বাজেট দিয়েছেন! আসলে লুটপাটের জন্যই এ প্রকল্প আপনারা করেছেন।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের-লাইন-১-এর আওতায় ২০ কিলোমিটারের পাতাল রেল প্রকল্পের উদ্বোধন করেন। এ প্রকল্পে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে দাবি করে বরকত উল্লাহ বুলু বলেন, দেশ থেকে ১৪ লাখ কোটি টাকা কানাডা, দুবাই, আমেরিকায় পাচার হয়েছে। একজন এমপি, যিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। উনি চার বছরে আমেরিকায় ১৭টি বাড়ির মালিক হয়ে গেলেন। মনে হয় যেন আলাউদ্দিনের চেরাগ তাদের হাতে আছে।
তিনি বলেন, দেশে কুইক রেন্টাল বিদ্যুত প্রকল্পের নামে টাকা লুন্ঠন করে আওয়ামী পরিবারের লোকেরা আজ বিশ্ব ধনীদের খাতায় নাম লিখিয়েছেন। প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না, এটা পৃথিবীর কোনো দেশে নাই।
এ অবস্থা থেকে উত্তরণে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, আন্দোলনেই এই সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বেপারীর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৫
সূত্র : ঢাকা টাইমস




