প্রথমবারের মতো সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই, ইংরেজি, বিবিএ, অর্থনীতি ও ইইই বিভাগের স্প্রিং’১৯ এর শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে ‘সাইনিং আউট’ প্রোগ্ৰাম উদযাপিত হয়েছে। ক্যাম্পাসের মুখরিত স্মৃতিগুলোকে এবং বন্ধুত্বের বন্ধনকে মনের গহীনে গেঁথে রাখতে চতুর্থ বর্ষ পূর্তিতে এই আয়োজন ছিল তাদের। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলো ‘MACES Sylhet’। ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো সিলসিলা, কৃষি আলো এবং টি দুই কেয়ার।

গত সোমবার সকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, রেজিস্ট্রার, সকল বিভাগের শিক্ষকমন্ডলী এবং স্প্রিং-১৯ এর শিক্ষার্থীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন এবং কেক কাটার মাধ্যমে প্রোগ্ৰামের সূচনা হয়। সাইনিং আউট এর সাদা টি-শার্ট পড়ে মাঠে জড়ো হয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন ফিরে পায় চার বছরের সেই পুরনো স্মৃতিগুলোকে ।


সেদিন বিকাল সাড়ে ৪টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান তানভীর এম.ও. রহমান চৌধুরী এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হককে সম্মাননা প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। শুরুতেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির দুটি মিউজিক্যাল ক্লাব উল্লাস এবং ফ্লেইমস গান পরিবেশন করে। পরবরর্তীতে স্প্রিং’১৯ এর শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে মুগ্ধতা ছড়ায় দর্শকদের মনে।

এ আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের প্রখ্যাত মিউজিক্যাল ব্যান্ড  ‘অড সিগনেচার’। রাত হলেও মঞ্চের সামনে দর্শকদের ভিড় ছিল চোখে পরার মতো। অড সিগনেচার গান উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে আসা সহস্র দর্শকদের মাতিয়েছে আনন্দের ভেলায়। একের পর এক মন মাতানো গানে এবং বাদ্যযন্ত্রের তালে তালে ‘আমার দেহখান নিও না শ্মশান’ গানে তাল মেলায় উচ্ছ্বসিত শ্রোতারা। রাত ১১টায় প্রোগ্রামের প্রথম দিনের সমাপ্তি ঘটে ।

গত মঙ্গলবার সিলেটের ‘স্কাই ডাইন’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সাইনিং আউট স্প্রিং’১৯ এর ২য় দিনের প্রোগ্ৰাম ‘গালা নাইট’। গেমস, গান, নাচ, আড্ডা এবং ডিনারে জমে উঠে এ আয়োজন।

অনার্স চার বছরের শিক্ষাজীবন শেষ হলেও বন্ধুত্বের বন্ধনকে চিরস্থায়ী রাখার কামনায় শেষ হয় দুই দিনব্যাপী আয়োজন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে