সিলেটের ছেলে রাজিন সালেহ মাঠের ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন ২০১৮ সালের নভেম্বরে। নিজে খেলা থেকে সরে গেলেও ক্রিকেট তাঁকে ছাড়েনি। অবসরের পরও জড়িয়ে আছেন ক্রিকেটের সাথে।
কখনো সিলেট বিভাগীয় দলের সাথে কাজ করছেন, কখনোবা বিপিএলের ফ্র্যাঞ্চাইজির সাথে। জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবেও গত বছর কিছুদিন কাজ করেছেন রাজিন সালেহ।
দেশের হয়ে ২৪ টেস্ট আর ৪৩ ওয়ানডে খেলা রাজিনের এখন দুটি লক্ষ্য। একটি জাতীয় দলের সঙ্গে কাজ করা, আরেকটি সিলেটে উন্নয়নে কার্যকর কিছু করা।
জাতীয় দলে সাকিব-মুশফিকদের জন্য চন্ডিকা হাথুরুসিংহকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন একজন সহকারী কোচ নিয়োগের চিন্তা আছে বিসিবির।
এই সহকারী কোচ যাতে বাংলাদেশেরই কেউ হন, বিসিবি সেটা চাইছে। আর এ পদে নাম আসছে রাজিন সালেহর।
জাতীয় দলের সহকারী কোচের জন্য মোহাম্মদ সালাউদ্দিনের নাম আছে উপরের দিকেই। তবে দেশের খ্যাতনামা এই কোচ সরাসরি ‘না’ করে দিয়েছেন।
বিসিবির ভাবনায় এখন রাজিন সালেহ ও সোহেল ইসলাম। বর্তমানে রংপুর রাইডার্সের কোচের পদে থাকা সোহেল জাতীয় দলের সহকারী কোচ হওয়ার আগ্রহের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
তবে রাজিন সালেহ স্পষ্ট বলছেন, তিনি জাতীয় দলের সাথে কাজ করতে চান।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কোচের দায়িত্বে থাকা রাজিন বলছিলেন, ‘আমার লক্ষ্য দুটি। এক সিলেটের ক্রিকেট উন্নয়নে কার্যকর কিছু করা। আর দুই জাতীয় দলের সাথে কাজ করা।’
১৪৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ রাজিন বলেন, ‘আমি জাতীয় দলের কোচিং স্টাফ হতে চাই। সহকারি কোচ বা ব্যাটিং কোচ হলে কথাই নেই। অন্তত ফিল্ডিং কোচের অফার পেলেও করতে রাজি।’
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




