সারাদেশের ন্যায় সিলেট জেলার ১০৮টি ইউনিয়নে ‘অত্যন্ত সফলভাবে’ পদযাত্রা কর্মসূচি পালন করায় সকল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ পদযাত্রায় অংশগ্রহণকারী গণতন্ত্রকামী জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ‘গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ’, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা গতকাল শনিবার পালন করে বিএনপি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপি যেখানেই কর্মসূচি দেয় আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেয়। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করে। প্রশাসনের বাধা ও ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই পদযাত্রা কর্মসূচিকে সফল করে সিলেটের মানুষ প্রমাণ করেছে তারা এই ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অতিতের ন্যায় সিলেটবাসী বিএনপির সাথে আছে।’
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




