সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাতের আঁধারে শেখ রাসেল ল্যাবের ফটকের তালা ভেঙ্গে ৭টি ল্যাপটপ চুরি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিদ্যালয় বন্ধ ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা নৈশ্যপ্রহরীর অগোচরে রাতের আঁধারে বিদ্যালয়ে প্রবেশ করে ল্যাবের ফটকে দুইটি তালা ভেঙ্গে ল্যাব থেকে ৭ টি ল্যাপটপ চুরি করে পালিয়ে যায়। রবিবার সকালে বিদ্যালয় খোলা হলে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপরাধিদের সনাক্ত করে বিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ ৭ টি ল্যাপটপ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজি মিয়া।
এই ঘটনায় বিদ্যালয়ের নৈশ্যপহরী তুরান মিয়া ও দপ্তরি এখলাছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়েছে।
চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৫




