সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ রাহ.-এর বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছেন এক ব্যক্তি। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ওই ব্যক্তি পুকুরে নিখোঁজ হন। পরে ৬ ঘণ্টা তৎপরতা চালিয়ে স্থানীয় জনতা রাত পৌনে ১১টার দিকে তার লাশ উদ্ধার করেন।
মারা যাওয়া খছরু মিয়া (৪০) সিলেটের বিশ্বনাথ উপজেলার লালাবাজার এলাকার বেতসান্দি গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
তিনি সিলেটভিউ-কে জানান- খছরু মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে রোববার সিলেটের বিভিন্ন মাজার জিয়ারতে বের হন। বিকেলের দিকে আল্লামা ফুলতলির মাজার জিয়ারতের উদ্দেশে ছাহেব বাড়িতেও যান। বিকাল ৫টার দিকে খছরু মিয়া ছাহেব বাড়ির পুকুরে গোসল করতে নামেন। এসময় তিনি মাঝপুকুরে গেলে হঠাৎ ডুবে যান। তবে তিনি সাতার জানতেন।
এদিকে, পানিতে তলিয়ে যাওয়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে। কিন্তু সন্ধ্যা হওয়া যাওয়ায় ফায়ার সার্ভিস দলের ডুবুরিরা পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধার অভিযানে নামতে পারেননি। তবে স্থানীয় কয়েকজন মাছ ধরার বড় জাল ফেলে খছরু মিয়াকে উদ্ধারের চেষ্টা চালান। দুই দফা জাল ফেলে পাওয়া না গেলেও তৃতীয়বারের চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে খছরুর মৃতদেহ জালে উঠে আসে।
লাশ উদ্ধারের পর ওসি মোশাররফ সিলেটভিউ-কে বলেন- এ ঘটনায় অপমৃত্য মামলা দায়ের করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খছরু মিয়ার বড় ভাই ফখরু মিয়া জানান- আমরা ভাইকে (খছরু) নিয়ে প্রতি বছরই ছাহেব বাড়িতে আসি। সে মানসিকভাবে অসুস্থ। এখানে (ছাহেব বাড়িতে) নিয়ে আসলে অনেকটা ভালো থাকে। আজ (রবিবার) বিকালে এখানে আসলে সে ওই পুকুরে গোসল করবে বলে জানায়। পরে সে পুকুরে নেমে সাতরে ওপারে যেতে চায় এবং মাঝপুকুরে গেলে তার হিক্কা উঠে এবং সে তলিয়ে যায়। পরে ছাহেব বাড়ির মানুষের সহযোগিতায় স্থানীয়রা খছরুর মরদেহ রাত পৌনে ১১টার দিকে উদ্ধার করেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




