বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতের হিন্দি সিনেমা চলবে। কয়েক দিন ধরে নানা বিতর্কের পর অবশেষে এমন একটি সিদ্ধান্তে একাট্টা হয়েছে বাংলাদেশি চলচ্চিত্রের ১৯টি সংগঠন। রবিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- এফডিসিতে এক বৈঠকে হওয়া সেই সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে।

গত ২৫ জানুয়ারি ভারতসহ ১০০টি দেশে মুক্তি পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। স্পাই থ্রিলার এ হিন্দি সিনেমাটি একই দিনে বাংলাদেশেও মুক্তি দেওয়ার তোড়জোড় চলছিল। কিন্তু তথ্য মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তা সম্ভব হয়নি।


তথ্য মন্ত্রণালয় সে সময় জানিয়েছিল, চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো যদি একমত হয়, তবে দেশে হিন্দি সিনেমা চলতে কোনো বাধা নেই। সেই সিদ্ধান্ত নিতেই রবিবার এফডিসিতে বৈঠকে বসেছিল চলচ্চিত্রের ১৯টি সংগঠন। সেখানে দেশে হিন্দি সিনেমা চালানোর ব্যাপারে আপত্তি জানায়নি কোনো সংগঠন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি নায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণসহ ১৯ সংগঠনের শীর্ষ নেতারা।

বৈঠক শেষে পরিচালক শাহ আলম কিরণ বলেন, ‘আমরা বৈঠকে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে প্রাথমিকভাবে একমত হয়েছি। এখনো অনেকের স্বাক্ষর বাকি আছে। সেগুলো হয়ে গেলেই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। আশা করছি, সোমবার বিকালে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের নেতারা হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে মোটামুটি একমত হয়েছেন। আমরা দুই বছরের জন্য পরীক্ষামূলকভাবে সাফটা চুক্তির মাধ্যমে হিন্দি সিনেমা বা বিদেশি সিনেমা আমদানি করে চালানোর পক্ষে একমত হয়েছি। এটার ফল দেখে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেব।’

খসরু আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিলেই হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার আছে। এরপর আমদানি হবে। সব মিলিয়ে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’

দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে বিতর্ক নতুন নয়, বহু বছরের। সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ দেশের হলগুলোতে চালানোর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের পুরোনো সেই বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। হিন্দি সিনেমা আমদানিতে পরিচালক সমিতি ও শিল্পী সমিতির ‘শর্ত’ জুড়ে দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে চলছিল আলোচনা।

শিল্পী সমিতির পক্ষে চিত্রনায়িকা নিপুণ আক্তার শর্ত দিয়েছিলেন, ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিলে লাভের ১০ শতাংশ তার সংগঠনে দিতে হবে। এ নিয়ে কয়েকদিন ধরে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। উঠেছে নানা প্রশ্ন। অবশেষে সিদ্ধান্ত, দেশে হিন্দি সিনেমা চলবে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৫