সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী সনিয়া বেগমের (২০) হত্যাকান্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত মামাতো ভাই সজিব আহমদকে (২৯) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 


সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯র দিকে অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর একটি টিম ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বর্তমানে সজিব র‌্যাব-৯এর হেফাজতে রয়েছে।

 

এ ঘটনায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিহত সনিয়ার বড় ভাই পারভেজ আহমদ বাদী হয়ে অভিযুক্ত সজিবকে প্রধান আসামী করে কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৩।

মামলার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আবুল খায়ের। 

 

গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সনিয়ার  গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। সনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন।

এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি র‍্যাব-৯-ও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ছায়া তদন্তের এক পর্যায়ে র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় সজিবের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। এক পর্যায়ে সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০১