(প্রতীকী ছবি)
সিলেট জেলার সব ধরনের ক্রিকেট বয়কট নিয়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থা বুধবার (১৫ ফেব্রুয়ারি) বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
বিষয়টি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটভিউ-কে জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ।
এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে এ বয়কটের সিদ্ধান্ত নেন স্থানীয় ক্রিকেটাররা।
জানা যায়, রেলিগেশনসহ লিগ পদ্ধতিতে সিলেট প্রিমিয়ার লিগ আয়োজনের দাবি নিয়ে সোমবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করে সিলেটের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই বৈঠকে ক্রিকেটারদের দাবি না মানায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এক ভার্চুয়াল সভায় সিলেটের সব ধরনের পেশাদার ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০টি দল নিয়ে সিলেট প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। সেই ১০ দলকে দুই গ্রুপে ভাগ করেই লিগের কাঠামো সাজিয়েছিলো জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু এতে খেলোয়াড়রা আপত্তি জানিয়ে দাবি তুলেন- গ্রুপভিত্তিক নয়, সরাসরি লিগ পদ্ধতিতে খেলা হোক। যেখানে সব দল সব দলের বিপক্ষে খেলবে।
সিলেট কোয়াব ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেটাররা জানান- তাদের দাবি ছিল ফ্ল্যাট লিগ (রাউন্ড রবিন) আয়োজনের। আর রেলিগেশন পদ্ধতি যেন লিগে ফিরিয়ে আনা হয়। তা না হলে তারা সিলেটে অনুষ্ঠিত কোনো পেশাদার ক্রিকেট ম্যাচ খেলবেন না।
এ বিষয়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ বলেন- অনেক প্রতিকূল অবস্থায় আমরা খেলার আয়োজন করে থাকি। খেলোয়াড়দের দাবি কতটা সঙ্গত তা আমরা আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেবো।
তিনি বলেন- ‘আমরা পদ্ধতি ঠিক করে লিগের সময়সূচি নির্ধারণ করে দিয়েছি। ১৬ তারিখ থেকে খেলা শুরু। এর থেকে সরে আসার আসলে বেশ সুযোগ নেই।’
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




