বসন্ত বাতাসে সইগো, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, কোন মেস্তরি নাও বানাইল, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়াসহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৮তম জন্মদিন আজ বুধবার। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি।

শাহ আবদুল করিমের বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান। দারিদ্র্য ও সংগ্রামের মাঝে বেড়ে ওঠা এই মরমি কবির সংগীত সাধনা শুরু ছেলেবেলা থেকে। শৈশবেই হাতে তুলে নিয়েছিলেন একতারা। গানে ভাটি অঞ্চলের সুখ-দুঃখ তুলে এনেছেন শাহ আবদুল করিম। মানুষের জীবনের সুখ-প্রেম-ভালোবাসার পাশাপাশি তাঁর গান সব অন্যায়, অবিচার, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে।



বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বকশের কাছে। শরীয়তি, মারফতি, দেহতত্ত্ব, গণসংগীতসহ গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে বাউল ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ভাটিয়ালি গানেও তাঁর দখল ছিল। তিনি ১৬ শতাধিক গান লিখেছেন ও সুর করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।


সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদকসহ বহু পদক, সম্মাননা ও সংবর্ধনা। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের একটি হাসপাতালে এই ভাটির গানের রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে আজ উজান ধলের বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও বাউল গানের আয়োজন করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৪