প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দল দেখেনে না, তিনি চান দেশের উন্নয়ন। সিলেট সিটি করপোরেশনে বিএনপি মেয়র থাকার সত্ত্বেও তাকে যথেষ্ট টাকা দিচ্ছেন, প্রজেক্ট দিচ্ছেন, সাহায্য করছেন। যার ফলে মেয়র আরিফুল হক চৌধুরী অনেক অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। শেখ হাসিনা টাকা ও অনুমোদন দিচ্ছেন বলে মেয়র আরিফ কাজ করেছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর তরফ থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে আজ দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। শেখ হাসিনা গরীবের বন্ধু। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। এ অবস্থায় যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সেজন্যে এই সরকার দেড় কোটি মানুষের বাসায় সস্তা দরে খাবার ও বিভিন্ন অনুদান পৌঁছে দিয়েছে। গৃহহীনদের ঘর করে দিয়েছে। জনগনের মঙ্গলের ক্ষেত্রে শেখ হাসিনা সব সময় অগ্রসর।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন হচ্ছে বলে বিদেশীরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিদেশীরা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে। দেশের উন্নয়ন এবং সিলেটকে ডিজিটাল নগরীতে পরিণত করতে এই সরকারকে বার বার নির্বাচিত করা দরকার।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০২




