সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, যুবরাই দেশের মূল চালিকা শক্তি। তাই যুবদেরকে আত্মনির্ভশীল হয়ে গড়ে উঠতে হবে। ইচ্ছা শক্তি ও মনোবলকে কাজ লাগিয়ে এগিয়ে গেলে দ্রুত সফলতা অর্জন করা সম্ভব।
 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ স্মার্ট দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবদের উৎপাদন কর্মকান্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করা গেলে বাংলাদেশ দ্রুত তার উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌছে যাবে। দেশের উৎপাদনশীল সকল জমি চাষ করলে আমাদের আর আমদানি করতে হবে না।
 


বিশ্ব মন্দার হাত থেকে রক্ষা পেতে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও আমদানি নির্ভরতা কমিয়ে আনতে উৎপাদন বৃদ্ধিতে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে ৬ মাস মেয়াদী রেফ্রিজারেশন এন্ড এয়ারকডিশনিং, ইলেক্ট্রনিক্স, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিনিয়র  সহকারী কমিশনার মোঃ মাহবুবুর রহমান।
 

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক।

উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী প্রশিক্ষক (রেফ্রিজারেশন এন্ড এয়ারকডিশনিং) মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রশিক্ষক (ইলেক্ট্রনিক্স) মোঃ আনোয়ারুল হক ভ‚ঁইয়া, সহকারী প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং) মোঃ রফিকুল হক, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার) নাসিমা বেগম, উচ্চমান সহকারী মোঃ মনির হোসেন প্রমুখসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
 

পরে কোর্স সম্পন্নকারী ৯০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান ও ৯ লক্ষ ৩ হাজার ৫০ পঞ্চাশ টাকা ভাতা প্রদান করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮