আগামী ১৬ মার্চ দেশের বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের সঙ্গে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এজন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাও পাঠিয়েছে সংস্থাটি।


ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানিয়েছেন, ইতোমধ্যে নির্দেশনাটি পাঠানো হয়েছে। 

নির্বাচন অনুষ্ঠেয় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন হচ্ছে- ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ।  

জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালার অধীন নির্বাচনী অপরাধগুলো দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আবশ্যক। তাই এ নির্বাচন উপলক্ষে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সংঘটিত অপরাধগুলো আমলে নেওয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ১৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন এই মোট পাঁচদিনের জন্য বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।

এই অবস্থায় বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম