সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মহানগরের চারাদিঘীর পারে মানিকপীর টিলার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলায় জড়িত আরও কয়েকজনকে আটকে অভিযান চালানো হচ্ছে।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি জানান- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিটের দুই সদস্য মানিকপীর টিলার দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে নয়য়াসড়ক-কুমারপাড়া রোড দিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিলেন এক যুবক। রাস্তা পার হতে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই দুই সদস্য।
এসময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো যুবককে এভাবে না চালাতে পরামর্শ দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই দুই সদস্যের প্রতি তিনি ক্ষেপে যান এবং ফোন করে স্থানীয় আরও কয়েকজন যুবক নিয়ে এসে তাদের উপর হামলা করেন।
খবর পেয়ে এসএমপি’র উপ-কমিশনার আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ একদল পুলিশ সেখানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যকে উদ্ধার করেন এবং হামলাকারী এক যুবককে আটক করেন।
হামলায় জড়িত সকলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান আজবাহার আলী শেখ।
তাৎক্ষণিকভাবে আটক যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




