সিলেট মহানগর বিএনপির সন্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
রোববার রাতে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থীতা ঘোষণা দেন।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু নেহার রঞ্জন দে। ২৫ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, সাবেক ছাত্র দল নেতা কামাল হাসান জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রজব আহমদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, কাউন্সিলর এডভোকেট রুকশানা বেগম শাহনাজ,কাউন্সিলর তৌফিকুল হাদি, মাহবুব চৌধুরী, আফজাল হোসেন।
মতবিনিময় সভায় সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রতিদ্বন্দ্বী নেতৃবৃন্দ, সদ্য সাবেক আহবায়ক বৃন্দ ও অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
প্রার্থীতা ঘোষণা করে ফরহাদ চৌধুরী শামীম বলেন দেশ, দল ও গনতন্ত্রের এই সংকটময় সময়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটাতে সাহসী নেতৃত্বের প্রয়োজন। আমার অতীত রাজনৈতিক কর্মকান্ড বিশ্লেষণ করে আপনাদের বিবেচনায় যদি মনে হয় আমি আপনাদের সাথে রাজপথে ছিলাম এবং দুঃসময়ে আপনাদের ফেলে পালিয়ে যাইনি তাহলে আমাকে মূল্যায়ন করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন। আমি কথা দিচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এর দাবি বাস্তবায়ন সহ ১০দফা দাবি আদায়, দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন ও গুম হওয়া জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ আনসার আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দকে ফিরে পাবার লড়াই সংগ্রামে অতীতের ন্যায় রাজপথে নিজেকে নিয়োজিত রাখবো।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭




