ছবি: নুরুল ইসলাম।
সিলেট নগরীর তালতলা এলাকায় এক যুবকের দুঃসাহসী ভূমিকায় দুই ছিনতাইকারী ধরা পড়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
দুই ছিনতাইকারী হলেন- সিলেটের মোগলাবাজার থানার কুচাইয়ের আব্দুল মুনিমের ছেলে ইয়ামিন আহমদ (২৮) ও ঠাকুরগাঁও জেলার আব্দুল মুমিনের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন এক যুবক। তখন তিনি ফোনে কথা বলছিলেন। নগরীর তালতলায় হঠাৎ করে মোটরসাইকেলে আসা দুই যুবকের পেছনের জন তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন ওই যুবক তড়িৎগতিতে মোটরসাইকেলে পেছনে বসা ছিনতাইকারীর শার্টের কলার ধরে ফেলেন। ওই অবস্থায় ছিনতাইকারীরা তাকে টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা করে। তাকে টেনে নিয়ে যাওয়া হয় পার্কভিউ হাসপাতালের সামনে। সেখানে গিয়ে মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে যায়। তখনও ওই যুবক ছিনতাইকারীর কলার ছেপে ধরে ছিলেন।
তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন। তারা দুজনকেই মারধর করেন। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে নিয়ে যায়। জব্দ করা হয় তাদের নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলটিও।
মারধরে আহত হওয়ায় দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ দুই ছিনতাইকারীর বিরুদ্ধে এক পুলিশ সদস্য বাদী হয়ে আজ বুধবার সকালে মামলা করেছেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




