লিলের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বশেষ ম্যাচে গোড়ালির চোটে পড়েছেন নেইমার। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় পিএসজির ব্রাজিলিয়ান তারকার চোখমুখের অভিব্যক্তি দেখেই চোটটি গুরুতর বলে ধারণা করা হয়েছিল। পরীক্ষার পর শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।

 


কয়েক দফা পরীক্ষার মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পিএসজি জানায়, চোটে নেইমারের গোড়ালি মচকে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিগামেন্টও। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গোল ডটকম।

নেইমারের চোটের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে পিএসজি জানায়, “আজ বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, নেইমার জুনিয়রের গোড়ালি মচকে গেছে, সঙ্গে কিছু লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে তাকে আরও কয়েকটি পরীক্ষা করানো হবে।”

তবে গোড়ালির চোটের কারণে নেইমারকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা অবশ্য নিশ্চিত করেনি পিএসজি। কিন্তু অলিম্পিক মার্শেই এবং ন্যান্টেসের বিপক্ষে ম্যাচটি নিশ্চিতভাবেই মিস করবেন ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমনকি ৮ মার্চে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগেও তার মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৫


সূত্র : ঢাকা ট্রিবিউন