ছবি : আনোয়ার হোসেন
সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়িতে অগ্নিকাণ্ডে পুড়েছে তেলের গোদাম। রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়।
বুধবার দিবাগত (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে শিববাড়ি এলাকার দেব মার্কেটে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। অগ্নিকাণ্ডে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দেব মার্কেটের একটি দোকান ৫ মাস আগে ভাড়া নিয়ে সুহেল রানা নামের একজন দুটি প্রসাধনী তেলের গোদাম করেন। দোকানটিতে তিনি ওই দুটি কোম্পানির তেল মজুদ করে রেখেছিলেন এবং এখান থেকে পাইকারি দামে বাজারজাত করতেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ এ দোকানে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি টিম এসে তাদের সহযোগিতায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক সিলেটভিউ-কে জানান- রিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে চার্জারের সার্কিট শর্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের দুটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ২ লক্ষ টাকার মালামাল পুড়েছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫ লক্ষ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




