স্পেনের ইতিহাসের অন্যতম সফল ডিফেন্ডার সার্জিও রামোস। ২০১০ সালে দেশকে উপহার দিয়েছেন বিশ্বকাপ শিরোপা। ক্লাব ক্যারিয়ারেও অর্জনের পাল্লা বেশ ভারী। সেই রামোস জাতীয় দল অধ্যায়ের ইতি টানলেন। এক টুইট বার্তায় বৃহস্পতিবার জাতীয় দলকে বিদায়ের সিদ্ধান্ত জানান স্পেনের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা।
অনেকদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত রামোস। শেষবার ২০২১ সালের মার্চ মাসে মাঠে নেমেছিলেন স্পেনের হয়ে। তার আগের বছর চোট পাওয়ার পরই ইউরো থেকে ছিটকে যান এবং জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। ৩৬ বছর বয়সী এই ফুটবলারের জায়গা হয়নি কাতার বিশ্বকাপেও।
২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা রামোস এখন বুঝতে পেরেছেন যে এখন তার আর জাতীয় দলে সুযোগ পাওয়া হবে না। কারণ স্পেনের টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনায় তার না থাকার বার্তাটাই পেয়েছেন। বাস্তবতা বুঝতে পেরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী রামোস।
২০১০ বিশ্বকাপ ছাড়াও ২০০৮ ও ২০১২ ইউরো জয়ী স্পেন দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রামোস। স্পেনের ফুটবল ইতিহাসে সোনালি সাফল্যে মোড়ানো সেই সময়টার নায়কদের একজন তিনি। দেশের হয়ে খেলেছেন রেকর্ড ১৮০ ম্যাচ। নেতৃত্বে দিয়েছেন ৫২ ম্যাচে। জাতীয় দলের হয়ে তার গোল ২৩টি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৪




