শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই পক্ষের মারধরের ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারির বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে ও আবাসিক হলে শাবি শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক সজীবুর রহমান ও রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীনের অনুসারীদের মধ্যে এ মারধরের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষই সিলেট মহানগর আদালতের বিচারক সুমন ভূইয়ার আদালতে মামলার আবেদন করেন। আদালতের বিচারক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে আইনজীবীরা জানান।
এর মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন স্বধীনের সমর্থক ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফারদিন কবির। সেখানে ছাত্রলীগ নেতা সজীবুর রহমান ও তার অনুসারী সাজ্জাদ হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করেন। আদালতের বিচারক জালালাবাদ থানার ওসি নাজমুল হুদাকে এ মামলার তদন্ত করার নির্দেশ দেন।
অপর দিকে গত বৃহস্পতিবার সজীবের সমর্থক পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাউফুম জাহান (মিলিনিয়াম) বাদী হয়ে স্বাধীনের সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। এ মামলায় বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের ফারদিন কবির, নৃবিজ্ঞানের দীপ্ত রায়, রসায়ন বিভাগের মোস্তফা সাজ্জন, অর্থনীতি বিভাগের নাজমুল হুদা শুভসহ ১৫ জনের নাম উল্লেখ করে হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরো ৭-৮ জনকে আসামী করা হয়েছে।
এ মামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামানকে তদন্ত করার দায়িত্ব দিয়েছে আদালত।
তাছাড়া এ ঘটনায় প্রক্টরকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্ত কাজ চলমান রয়েছে জানিয়ে প্রক্টর কামরুজ্জামান বলেন, প্রতিবেদন জমা দেওয়া হবে। যারা অপরাধী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হবে। এরপর এ ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে এদিন রাতে শাহপরান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান/ নাজাত-১৯




