হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিবাকর সুত্রধর (৩২) নামে এক কাঠমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিবাকরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত দিবাকর সুত্রধর একই ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত দ্বিজেন্দ্র সুত্রধরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দিবাকর সুত্রধর দীর্ঘদিন যাবত কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। শুক্রবার ঘরদাইর গ্রামে একটি বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারে জড়িয়ে পড়েন তিনি। এতে তার পেটের অনেকাংশ পুড়ে যায়৷ স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতির দিকে যায়৷ এ সময় কর্তব্যরত চিকিৎসক দিবাকরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানান।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




