সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এম এ জলিলের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ বেলতলীতে শনিবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

এবার খবর পাওয়া গেলো- সিলেটে এক পুলিশ কর্মকর্তার বাসায় চুরি সংঘটিত হয়েছে। 


জানা যায়, মহানগরের চৌকিদিঘী বাশবাড়ী এলাকার ২৪৩ নং বাসায় ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো এক রাতে চুরির ঘটনা ঘটে। বাসাটিতে সিলেটে কর্মরত ট্রাফিক বিভাগের সার্জেন্ট নুরুল  হুদার ভাড়া থাকতেন। 

তিনি রোববার সন্ধ্যায় সিলেটভিউ-কে জানান- গত ২৩ ফেব্রুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যান। শনিবার দিনগত রাতে বাসায় ফিরে দেখেন- দরজা ভেতর দিকে লাগানো। পরে তিনি বাসার পিছন দিকে গিয়ে দেখেন- বারান্দার গ্রিল কেটে এক বা একাধিক চোর ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে সাড়ে ৯ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়- শনিবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাইলে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং গ্রেফতারকৃত দুজনকে রিমান্ডে নেয় পুলিশ।


সিলেটভিউ২৪ডটকম / নুরুল / ডালিম