হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়িতে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দা-ছুরি বানানোর কারিগরদের হাতেই তৈরি হচ্ছে দেশিয় অস্ত্র। কারিগরেরা রাতের আঁধারে নিজের বসতঘরের পাশেই তৈরি করছেন রামদা-কিরিচসহ ধারালো দেশীয় এসব অস্ত্র।
কারিগররা বলছেন- অর্ডার দিয়ে কেউ একজন এসব অস্ত্র তৈরি করাচ্ছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দশটায় উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়ার কর্মকার হাটিতে অক্ষয় দেবের ছোট ছেলে ঝন্টু দেবের বসতঘরে এসব অস্ত্র তৈরির বিষয়টি চোখে পড়ে।
জানা যায়, বিগত কয়েক বছর ধরে জলসুখা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বেশ ক'টি সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে এসব দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন কয়েক শতাধিক মানুষ। প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে উদ্ধার করে বিভিন্ন দেশীয় অস্ত্র। এ নিয়ে থানায় বেশ কযেকটি মামলাও দায়ের করা হয়। সর্বশেষ গত ২৪ জানুয়ারি পুলিশ বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সম্প্রতি ঝন্টু দেবের বসত ঘরে এসব দেশীয় অস্ত্র তৈরি করতে দেখে আতংকে দিনপাত করছেন এই ইউনিয়নের অনেক বাসিন্দা।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী জানান, এসব অস্ত্র তৈরি করা মানে আবারো এলাকায় সংঘর্ষের আশংকা। আতংক নিয়েই বাস করছি আমরা ।
ঝন্টু দেব বলেন, আমি কামারের (কর্মকার) কাজ করে জীবিকা নির্বাহ করি। একজন অর্ডার করায় বানিয়ে দিচ্ছি। অবৈধ দেশীয় অস্ত্র বানানো আইনত অপরাধ জেনেও কেন এসব তৈরি করছেন প্রশ্নে তিনি কোন উত্তর দেননি। এসব অস্ত্র কারা অর্ডার দিয়ে বানাচ্ছেন এই প্রশ্নেরও কোন উত্তর দেননি ঝন্টু দেব।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী এ বিষয়ে বলেন- আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
সিলেটভিউ২৪ডটকম / মিলাদ / ডি.আর




