আগামী ৩ ও ৪ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি সফলের লক্ষ্যে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট মহানগরের অভিজাত একটি রেস্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।  


মতবিনিময়কালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন- বিশ্বমানবতার মুক্তির দিশারী প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর সার্বজনীন আদর্শকে ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন। এ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আগামী ৩ ও ৪ মার্চ (শুক্র ও শনিবার) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ‘আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন’ আয়োজন করা হচ্ছে।  এতে সৌদি, মিশর, তুরস্ক, বৃটেন ও ভারত ছাড়াও বিভিন্ন দেশের খ্যাতিমান পীর-মাশায়িখ, আলিম-উলামা ও ইসলামী চিন্তাবিদগণ সম্মেলনে উপস্থিত হবেন। 

মতবিনিময়কালে আয়োজকরা সম্মেলনের অতিথিবৃন্দ ও উপস্থিত জনতার নিরাপত্তা বিধান ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের বিশেষ সহযোগিতা কামনা করা হয়। তাছাড়া ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিকবৃন্দসহ সর্বস্তরের সিলেটবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।

সাংবাদিকরেদ সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম