সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ উদ্যোগে চতুর্থবারের মত এক দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায়  বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এবারের মেলায় দেশের স্বনামধন্য ২৮টি বেসরকারী চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেন।


প্রতিষ্ঠানগুলো ৩০০ পদে চাকরি প্রার্থীদের কাছ থেকে সিভি (ব্যক্তিগত জীবনবৃত্তান্ত) সংগ্রহ করেছে। পরবর্তীতে যোগ্য প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নিয়োগ দেওয়া হবে বলে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানিয়েছে। এদিকে মেলা উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়া সংগঠনের সদস্য ও আগত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 



সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-০৬