সিলেটের সার্কিট হাউজ ও কিনব্রিজ এলাকা পুরোটাই ছিলো অঘোষিত গাড়ি স্ট্যান্ড। দিনরাত এ জায়গায় দাঁড় করিয়ে রাখা হতো  ট্রাক, পিকআপ ও ভ্যান। 

এছাড়া বেলা গড়ালেই বসানো হতো চটপটি ও ফুসকার দোকান। 


অবশেষে সার্কিট হাউজ ও কিনব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসন। রবিবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে সার্কিট হাউজের সামন ও কিনব্রিজ এলাকা থেকে সকল ট্রাক, পিকআপ ভ্যান ও ফুচকা-চটপটির দোকান সরিয়ে দেওয়া হয়। 

জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট জেলা বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে এ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সকলের সিদ্ধান্ত মোতাবেক জনদুর্ভোগ ও যানজট নিরসনে রবিবার সার্কিট হাউজ, কিনব্রিজ ও সিলেট পাইলট স্কুল এলাকায় অবৈধ পার্কিং করা গাড়ি-  বিশেষ করে ট্রাক, পিকআপ ভ্যান ও ফুচকার দোকান সরানোর জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান সরানোর জন্য সতর্ক করা হয় এবং সার্কিট হাউজ ও কিনব্রিজ এলাকায় পার্কিং করা গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়।  

অভিযানকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম অভিযানে সহাযোগিতা করে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম