সিলেটের কিনব্রিজ মেরামতের কাজ দুই মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও মেরামত ও সংস্কার কাজ শেষ করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগ। রেলওয়ে সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায় নি। এছাড়া যতটা ধারণা করা হয়েছিল তার থেকে বেশি খারাপ অবস্থায় আছে কিনব্রিজ। মেরামত কাজের শেষ করতে আরও এক মাসের মতো সময় লাগবে। সে ক্ষেত্রে আগামী নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে কিনব্রিজ।
 

নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে। সেতু দিয়ে চলাচল করতে না পারায় দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে মহানগরবাসীদের। আবার অনেকে সেতুর নিচের নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। গত ১৬ আগস্ট সিলেটের কিনব্রিজে মেরামত, নবায়নসহ নির্মাণকাজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস যানবাহন ও মানুষজন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর পথচারীদের চলাচল বন্ধ করতে সেতুর দুই পাশে টিনের বেড়া দেওয়া হয়।


পথচারীরা জানান, ব্রিজ বন্ধ হওয়ার পর থেকে বেশ বিপাকে রয়েছেন তারা। দক্ষিণ সুরমা থেকে নগরে প্রবেশ করতে পরতে হচ্ছে ভোগান্তিতে। দীর্ঘ পথ ঘুরে অন্য ব্রিজ দিয়ে নগরে প্রবেশ করছেন তারা। সে ক্ষেত্রে ব্যয় করতে হচ্ছে বাড়তি টাকা। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে সেতুর নিচে নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছেন। এসব নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ রয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাতায়াতের সহজ পথ কিনব্রিজ। ব্রিজটি বন্ধ থাকায় পথচারীদের ঘুরে অন্য পথে যেতে হচ্ছে। এতে সময় ও টাকা দুইই অপচয় হচ্ছে। ভোগান্তিও বাড়ছে তাঁদের।
 

কিনব্রিজের তদারককারী প্রতিষ্ঠান সিলেট সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। আর সংস্কারকাজ করছে রেলওয়ের সেতু বিভাগ।
 
সওজ সূত্রে জানা যায়, জরাজীর্ণ কিনব্রিজ সংস্কারের বিষয়ে ২০২০ সালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা করা হয়। সেখানে সেতু সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। পরে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সিলেটের সওজ। একই বছরের জুন মাসে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। তবে নানা জটিলতায় সংস্কারকাজ হচ্ছিল না।
 

সেতুটি মেরামতের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধি মো. শিপন জানান, কিনব্রিজের মেরামত কাজ চলছে। দুই মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও সেতুর দুই পাশের পাত অকেজো অবস্থা পাওয়া গেছে, সেগুলো মেরামত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই ঢালাই কাজ হবে। সময় বাড়ানোর ব্যাপারে এখনো কোনো লিখিত নোটিশ আশে নি। সেতু সংস্কার কাজ দ্রুত শেষ করতে আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিজের মেরামত কাজে এখন ৪৫ জন শ্রমিক নিয়োজিত আছে বলে জানা তিনি।

এ ব্যাপারে রেলওয়ের সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্বাঞ্চল) জীষাণ দত্ত সিলেটভিউকে জানান, বৃষ্টি ও আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায় নি। এছাড়া যতটা ধারণা করা হয়েছিল তার থেকে বেশি খারাপ অবস্থায় আছে কিনব্রিজ। সেতুটির দুই পাশে লাগানো পাতগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো মেরামত করতে সময় বেশি লাগছে। তাই আরো এক মাস সময় বাড়ানো হয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত ব্রিজটি বন্ধ রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ব্রিজের ওপর কার্পেটিংয়ের পর সেটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এখন পর্যন্ত ৭০ থেকে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।
 

২০১৯ সালের ১ সেপ্টেম্বর সেতুটি নড়বড়ে হয়ে পড়লে দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে সিলেট সিটি করপোরেশন। তবে নাগরিকদের প্রতিবাদের মুখে ৫২ দিন পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দিতে হয়েছিল। সিলেট নগরের উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করেছে সুরমা নদী। দুই অংশকে সংযুক্ত করতে নদীর ওপর ১৯৩৬ সালে ধনুকের মতো বাঁকা একটি সেতু নির্মাণ করা হয়। ১ হাজার ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের লোহার তৈরি এই সেতুর নাম কিনব্রিজ। এটি এখন দেশ-বিদেশে সিলেটের প্রতীক হিসেবে পরিচিত। তবে যানবাহনের ভার বহন করে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঐতিহ্যবাহী স্থাপনাটি টিকিয়ে রাখার স্বার্থে কয়েক বছর আগে এখান দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সেতু দিয়ে হালকা যানবাহন চলাচল করে আসছিল।


 

সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-১৮৭