বাংলাদেশে ফুটবলের প্রতি আকর্ষণ কোনো অংশেই কম নয়। তবে দায়িত্বশীলদের ব্যর্থতায় এখানে ফুটবলে জীর্ণ দশা। দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সিংহভাগ ক্ষেত্রেই ব্যর্থ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এর মধ্যেও মাঝে মাঝে ভালো কিছু করার চেষ্টা করে তারা। বাফুফের এরকমই একটি উদ্যোগ ‘ফুটবল ফর হেলথ’।

দেশের নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আগ্রহী করতে এবং শারীরিক সুস্থতায় গুরুত্ব দিতে বাফুফের নতুন এই উদ্যোগ শুরু হচ্ছে সিলেটসহ তিনটি বিভাগীয় শহরে।

‘ফুটবল ফর হেলথ’ উদ্যোগের শুরুটা হয় ঢাকায়। বাফুফে ভবনের পাশে আর্টিফিশিয়াল টার্ফে সপ্তাহে তিনদিন শিশু-কিশোরদের জন্য চালু করা হয় এটি। সেখানে ব্যাপক সাড়া মেলায় এবার উদ্যোগের বিস্তৃতি ঘটাচ্ছে বাফুফে।

মঙ্গলবার বাফুফে জানিয়েছে, ‘ফুটবল ফর হেলথ’ সিলেট, রাজশাহী ও খুলনায় শুরু হবে। এই উদ্যোগ মূলত একাডেমির আদলেই চলবে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে কার্যক্রম।

সিলেট জেলা স্টেডিয়ামে সপ্তাহে তিনদিন এই একাডেমির কার্যক্রম চলবে। যেখানে ৮ থেকে ১১ বছর এবং ১১ থেকে ১৪ বছর বয়সীরা ভর্তি হতে পারবেন। আগ্রহী ৪৫ জনকে ভর্তি করা হবে। এজন্য মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা করে।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন ভর্তি ও অনুশীলন কার্যক্রম তত্ত্বাবধান করবে। তাদের অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। এ ছাড়া বাফুফের ফেসবুক পেজেও ফরম দেওয়া থাকবে।

আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফুটবল ফর হেলথ’ কার্যক্রমের জন্য কোচ প্রদান করবে বাফুফে।

‘ফুটবল ফর হেলথ’ উদ্যোগের সাথে আছেন জনপ্রিয় অভিনেতকা জাহিদ হাসান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অভিভাবকরা বাচ্চাদের ফুটবল শেখাতে চায়। বাফুফে এই উদ্যোগ নেয়ায় অনেক বাচ্চাই এখন স্বতঃস্ফূর্তভাবে ফুটবল শিখছে। যা সুস্থ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাফুফের সহসভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে/এসডি-৬০৪১