মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত এমইউ ফুটসাল সিজন ৩-এ চ্যাম্পিয়ন হয়েছে বিবিএ ফ্যালকন টিম। আজ বুধবার ফাইনালে তারা ২-০ গোলে ডিপার্টমেন্ট অব ইংলিশ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ফাইনালের কার্যক্রম। ফাইনালের সূচনা অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর সুরেশ রঞ্জক বশাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন ও প্রক্টর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, রেজিস্ট্রার তারেক ইসলাম, স্কুল অব ল এর ডিন শেখ আশরাফুর রহমান, প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর খন্দকার রাজিন সালেহ আলম, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, এমইউ স্পোর্টস ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফাইনালের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলে। ভাগ্যের সহায়তা পেয়ে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যায় বিবিএ ফ্যালকন। দ্বিতীয়ার্ধে ফিরে আসার তীব্র চেষ্টা করে ডিপার্টমেন্ট অব ইংলিশ টিম। কিন্তু এ অর্ধে তারা আরেকটি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। দারুণ খেলে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের আবিদ।

আবিদের হাতে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও ওঠে। এ ছাড়া টপ গোল স্কোরারও হন তিনি। টুর্নামেন্টসেরা গোলকিপারের পুরস্কার পান ফাহমিদ।

এদিকে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগে সম্প্রতি দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্রজনতার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন ও প্রক্টর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, রেজিস্ট্রার তারেক ইসলাম, স্কুল অব ল এর ডিন শেখ আশরাফুর রহমান, পরিচালক (অর্থ) ইনামুল হক, জাতীয় দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ আলম, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও ব্যবসা প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর সাইদুর রহমান পলাশ, স্পন্সর প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাগণ, এমইউ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মো মনসুরুজ্জামান শেখ ইমন, সাধারণ সম্পাদক মোশাররফ মূসা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, এমইউ স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এলিট মটরস প্রেজেন্ট এমইউ ফুটসাল সিজন ৩ এর পাওয়ারর্ড বাই স্পন্সর ছিল সুলতান ডাইনস। এছাড়া স্পনসর হিসেবে টুর্নামেন্টে সহযোগিতা করে সিটি এভিয়েশন একাডেমি, ঘর ফুডকার্ট, বাজেট বুফে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে