রাকিম কর্নওয়াল। তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। পরিচিতির আরেকটা বিশেষ কারণ তার বিশালদেহী শরীর। টেস্ট ক্রিকেট খেলার জন্য সবচেয়ে ভারী ক্রিকেটারের রেকর্ড রয়েছে। ওজন প্রায় ১৪০ কেজির মতো। তবে ক্রিকেট দুনিয়া তাকে পিঞ্চ হিটার হিসেবে চিনেন সবাই।
 

টি-টোয়েন্টিতে মুগ্ধতা ছড়িয়ে ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। ২০ ওভারের খেলায় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ডও গড়ছেন। বিশালদেহী এই খেলোয়াড় ঘিরেই এবার আগ্রহ সিলেটের ক্রিকেট প্রেমীদের। বিপিএল আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি।
 


সিলেটের ক্রিকেটমোদীরা বলছেন- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিবারই ব্যর্থতার নাম হয় সিলেটের ফ্র্যাঞ্চাইজি। সাফল্য আসেনি কখনও। বরং সিলেটকে অধিকাংশ সময় থাকতে হয়েছে তালিকার নিচে। তবে এবার অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে সিলেট স্ট্রাইকার্স। দেশী-বিদেশী তারকাদের নিয়ে গঠন করা হয়েছে টিমকে। কিন্তু সব ছাড়িয়ে সিলেট স্ট্রাইকার্সের সব আগ্রহ রাকিম কর্নওয়ালকে ঘিরে।
 

মজা করে সিলেটের সাংবাদিক জয়ন্ত কুমার দাস ফেসবুকে কর্নওয়ালের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘বড় ভাই রাহকিম কর্নওয়াল। সিলেটে চলে এসেছেন। বলছেন যে আম্বরখানা আর জিন্দাবাজার বল যেতে পারে। এর জন্য উনি অগ্রিম দুঃখ প্রকাশ করেছেন।’
 

এদিকে ঢাকা পর্ব শেষে দলে হয়ে খেলতে সিলেট এলেও সবুজেঘেরা মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নামেননি পিঞ্চ হিটার হিসেবে পরিচিত রাকিম কর্নওয়াল। আর কর্নওয়ালহীন দিনে ঘরের মাঠে জ্বলে উঠেও দর্শকদের হতাশ করেছে সিলেট স্ট্রাইকার্স।
 

সকাল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম মুখী হতে থাকেন ক্রিকেট ভক্তরা। মাঠে প্রবেশ করে প্রিয়দল সিলেট স্ট্রাইকার্সকে সর্মথন ও শুভেচ্ছা জানাতে হাতে নানা ধরনের প্লে-কার্ড আর গায়ে জার্সি পরিধান করেন। কিন্তু খেলাশুরু হলে হতাশ হন তারা। কারণ মাঠে নামেননি কর্নওয়াল। সিলেটের দর্শকরা ব্যাটে-বলে কর্নওয়ালের চার-ছক্কা দেখতে পারেননি।
 

সিলেটের মাঠে প্রথম ম্যাচে চার-ছয় মারার সহজাত সামর্থ্য থাকা কর্নওয়ালের খেলতে না নামায় অনেকেই সামাজিক মাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। যেখানে ব্যর্থ ছিল তারা। এবার ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠেও দর্শকদের হতাশ করল স্ট্রাইকার্স ব্যাটাররা। টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ গড়ে সিলেট। কিন্তু রংপুরের কাছে অবশেষে হারতেই হলো সিলেটকে।
 

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫০ রান। জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রাইডার্সদের হয়ে অপরাজিত ১১৩ রান করেছেন হেলস।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি /এসডি-৩২