গত বছর পাঁচ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পরিষদ নিয়ে তৈরি হয় জটিলতা। পদত্যাগ করে দেশ ছাড়েন দীর্ঘদিনের সভাপতি স্বর্ণলতা রায়।এর পরপরই বর্তমান পরিচালনা পরিষদ অনির্বাচিত দাবি করে প্রশাসক নিয়োগের দাবি তুলেছেন ১০ জন নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী।
বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পর বিষয়টি তদন্তাধীনথাকা অবস্থায়ই নির্বাচনী পুনঃ তফসিল ঘোষণা করেছে উইমেন চেম্বারে বর্তমান দায়িত্বশীলরা। এতে ক্ষোভ তৈরি হয়েছে অভিযোগকারী পক্ষের মধ্যে।
গত ১৭ ফেব্রুয়ারি চেম্বারের কার্যালয়ে পুনঃ নির্বাচনী তফসিল ঘোষণা করে আগামী ২৮ মে পরিচালনা পরিষদের (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ আহমদ।
পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদের দোসর অভিযোগ থাকা সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় পদত্যাগ করেন। এরপর থেকে সংগঠনের চলতি দায়িত্ব হিসেবে সভাপতির দায়িত্ব পালন করছেন পরিচালক লুবানা ইয়াসমিন শম্পা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আরশি বিজনেস হাউজ এর প্রোপাইটর সামিয়া বেগম চৌধুরীর নেতৃত্বে সিলেটের ১০ জন নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখা, ২০১৫ সাল থেকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান না হওয়া ও ২৮ জন সদস্য ও ১১ জন পরিচালক নিয়ে প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৩০ নভেম্বর তফসিল ঘোষণার অভিযোগের প্রেক্ষিতে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সংশ্লিষ্ট সেবাখাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। পরে ২৪ ডিসেম্বর মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর সিনিয়র সহকারী সচিব পুলক কুমার মণ্ডলের স্বাক্ষরিত পত্রে বর্তমান পরিচালনা কমিটিকে শোকজ করে বাণিজ্য মন্ত্রণালয়।
এদিকে আবেদনের আলোকে চেম্বারের বর্তমান কার্যনির্বাহী কমিটি, নির্বাচন, অডিট ও উইমেন চেম্বারের সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য গত ২৩ জানুয়ারি একটি শুনানির আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরে জামান চৌধুরী বরাবর উভয় পক্ষ লিখিত বক্তব্য জানান।
সিলেটের প্রকৃত নারী ব্যবসায়ীরা উইমেন চেম্বারের সুযোগ সুবিধা হতে বঞ্চিত এমনকি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা সংগঠনটি কুক্ষিগত করে রেখেছে বলে মন্তব্য করেন অভিযোগকারী আরশি বিজনেস হাউজ এর প্রোপাইটর সামিয়া বেগম চৌধুরী।
তিনি সিলেটভিউকে বলেন, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সিলেট উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসে কোনো নির্বাচন হয়নি। মাত্র ২৮ জন সদস্য নিয়ে ১১ জন পরিচালক নির্বাচনের প্রহসন করতে গত ৩০ নভেম্বর তারিখ তফসিল ঘোষণা করা হয়েছে। যা স্বেচ্ছাচারী মনোভাব। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের মতোই স্বৈরাচারী কায়দায় সংগঠনটি পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। স্বৈরাচারী হাসিনার অনুগত সংগঠনের সভাপতি স্বর্নলতা সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তার দোসর ভারপ্রাপ্ত সভাপতি, সহ-সভাপতিসহ অপরাপর পরিচালকরা স্বপদে বহাল।
সামিয়া বেগম চৌধুরী বলেন, ছলেবলে কৌশলে সংগঠনটি নিজেদের আয়ত্বে রাখতে কাউকে হিসেব নিকেশ তো দূর গঠনতন্ত্র পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করা হয়। এক্ষেত্রে দুই ধরণের সার্টিফিকেট বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি সার্টিফিকেট ৩২৫০ টাকা ফি নিয়ে দেয়া হয় যা সহযোগী সদস্য নামে পরিচিত। অপরটি সাধারণ সদস্য হিসেবে ১২৫০ টাকা ফি নিয়ে দেয়া হয় যা ভোটার না। এছাড়াও সবুজ কুঁড়ি নামে আরও একটি সদস্য পদ রয়েছে যারা ব্যবসায়ী পর্যন্ত না। ভোটার হিসেবে যারা সদস্য তাদের ফি সহযোগী সদস্য ৩২৫০ আর সাধারণ সদস্য ৮০০০ টাকা। সাধারণ সদস্য হতে সভাপতি, সহ-সভাপতিসহ মোট আটজন পরিচালক ও সহযোগী সদস্য থেকে তিনজন করে মোট ১১জন পরিচালক ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। বিষয়টি উদ্বেগজনক কেননা এভাবেই ভোটার সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের পদ-পদবী টিকিয়ে রাখার ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়।
এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা।
তিনি সিলেটভিউকে বলেন, সব রকমের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কমিটিতে রয়েছে। যারা অভিযোগ করেছেন তারা কিন্তু চেম্বারের সদস্য ছিলেন না। তাদেরকে পাঁচ আগস্টের পর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে নির্বাচনী পুনঃ তফসিলও ঘোষণা করা হয়। তবুও অভিযোগকারীরা নানা ধরণের ভয় ও শক্তির প্রদর্শন করে যাচ্ছেন যা খুবই দুঃখজনক। উইমেন চেম্বার সিলেটের নারী উদ্যোক্তা ও সিলেটের নারীদের নিয়ে কাজ করছে। কারো প্রতি কোন বৈষাম্য এই সংগঠনের পক্ষ থেকে রাখা হয় না।
সিলেটভিউ২৪ডটকম / মাহি-৮




